সিলেটে সোয়া ৩ কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় পণ্য জব্দ
সিলেটে ৫২ বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় পণ্যের চালান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গতকাল বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরের সুরমা আবাসিক এলাকার একটি গোদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে এক লাখ ৭৭ হাজার ৬৩০ পিস বিভিন্ন প্রকারের ট্যাবলেট, ১০০ পিস শাড়ি, ৮০ পিস ফেসওয়াশ, ১০০ পিস শ্যাম্পু, ২৯ পিস সিরাম ও এক হাজার ৭৮৭ পিস সিরাপ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৪ লক্ষ ৯৪ হাজার ৫০ টাকা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় থেকে একটি কাভার্ড ভ্যানকে অনুসরণ করতে থাকে র্যাব ও বিজিবির যৌথ দল। পরে কাভার্ড ভ্যানটি সুরমা আবাসিক এলাকার একটি গুদামে প্রবেশ করলে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।
মতামত দিন