হোয়াটসঅ্যাপের নতুন প্রধান নির্বাহী হলেন ভারতের কুনাল শাহ
মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় ফিনটেক উদ্যোক্তা কুণাল শাহ। সোমবার (২২ জুন) রাতে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপের বিশাল ব্যবহারকারী ভিত্তিকে কাজে লাগিয়ে উন্নত সেবার মাধ্যমে প্ল্যাটফর্মটিকে লাভজনক করে তোলার যে পরিকল্পনা মেটার রয়েছে, এই নিয়োগ সেই কৌশলেরই অংশ।
মেটা এক বিবৃতিতে জানিয়েছে, কুণাল শাহ প্রতিষ্ঠিত ভোক্তা আর্থিক প্ল্যাটফর্ম ক্রেডে ৯০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, কুণাল ক্রেডকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন এবং বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপ পরিচালনায় যে গতিশীল মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, তার মধ্যে তা রয়েছে।
ভারতের পরিচিত ফিনটেক উদ্যোক্তা কুণাল শাহ ২০১৮ সালে ক্রেড প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি নিজের গড়ে তোলা একটি পেমেন্ট স্টার্টআপ প্রায় ৪০ কোটি ডলারে স্ন্যাপডিলের কাছে বিক্রি করেন। ক্রেড শুরুতে সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধে গ্রাহকদের পুরস্কৃত করত। পরে প্রতিষ্ঠানটি সম্পদ ব্যবস্থাপনা, বিমা ও ঋণসেবায় সম্প্রসারিত হয় এবং বর্তমানে এর ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে।
হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজারে ভারতে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী ৫০ কোটি। বিশ্লেষকরা মনে করছেন, হোয়াটসঅ্যাপকে লাভজনক করে তুলতে কুণাল শাহের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত গ্রাহকসেবাসহ নানা সুবিধা সম্প্রসারণে ইতিমধ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
মতামত দিন