Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর অব্যাহত সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে তাঁরা দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। এ সময় উভয় দেশের নতুন সক্ষমতা এবং ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে ঢাকা-নয়াদিল্লির সম্পর্ক আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভারত বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের ওপর ভিত্তি করে জনমুখী সহযোগিতা আরও বাড়ানো হবে।

তিনি উল্লেখ করেন যে, এই দ্বিপাক্ষিক অগ্রযাত্রা পারস্পরিক স্বার্থ ও উভয় পক্ষের সুবিধার নীতির ওপর ভিত্তি করেই পরিচালিত হবে।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে হাইকমিশনার প্রণয় ভার্মার ব্যক্তিগত উদ্যোগ ও অবদানের প্রশংসা করেন। আলোচনা শেষে তিনি বিদায়ী হাইকমিশনারের সুস্বাস্থ্য ও পরবর্তী নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ