Views Bangladesh Logo

পরিবেশমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রণয় ভার্মা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে ভারতের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এই খাতে ভারতের উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে এবং ইতোমধ্যে অ-জীবাশ্ম জ্বালানিতে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত কীভাবে যৌথভাবে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কার্বন ট্রেডিং ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক উদ্যোগে একসঙ্গে কাজ করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এ সময় তিনি বাংলাদেশকে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানান। প্রণয় ভার্মা উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে এ জোটের উদ্বোধনী বৈঠকে অংশ নিয়েছে।

অন্যদিকে, মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে ভারতের মাধ্যমে বিদ্যুৎ আমদানি সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন ট্রেডিং খাতে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ এখনো পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করতে পারেনি। এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদলকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত থাকলেও এখনো পূর্ণ সদস্য হয়নি। ভারত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণের আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ