ধর্ষণ মামলায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেল
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হুগলি পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মেডিক্যাল শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক এবং পরে ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হুগলির মগরা থানায় ওই নারী শিক্ষার্থীর করা মামলায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার অভিষেককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। মামলাটি এখন হুগলির চুঁচুড়া আদালতে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন অভিষেক। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে সেগুলো ব্যবহার করে তাঁকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার তদন্তে গতি আনতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষার্থী। শুনানি শেষে আদালত পুলিশকে অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে মগরা থানার পুলিশ অভিষেকের মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে। ব্যক্তিগত ছবি ও ভিডিও যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও আদালতের নির্দেশনা রয়েছে। তদন্তের অংশ হিসেবে একটি পেনড্রাইভ জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
অভিযোগকারীর প্রথম এজাহারে আরও দাবি করা হয়েছে, অভিষেক তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন এবং খাবার না দিয়ে একা করে রাখা হয়েছিল। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ের আলোচনা চলছিল। পরে অভিষেকের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের বিষয় জানতে পারার পর তাঁদের সম্পর্কে ফাটল ধরে।
অভিষেক পোরেল বাংলার ক্রিকেটে পরিচিত মুখ। ২০২১–২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পরে ভারত ‘এ’ দলেও ডাক পান। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন তিনি। আইপিএলে দিল্লির হয়ে ৩৫ ম্যাচে ৭৬৯ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
মতামত দিন