Views Bangladesh Logo

ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, রিংকু সিংয়ের বাবা মারা গেছেন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং–এর জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেটার নয়ডায় দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন তার বাবা খাঞ্চাঁদ সিং। তিনি চিকিৎসাধীন ছিলেন ইয়াথার্থ হাসপাতালে এবং শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে টি–২০ বিশ্বকাপের ভারতীয় দল থেকে শিবির ছেড়ে বাড়ি ফিরে গেছেন রিংকু। খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

২৮ বছর বয়সী রিংকু ভারতের আলিগড় জেলার বাসিন্দা। ক্রিকেটে নিজের সাফল্যের পেছনে বাবার ত্যাগের কথা তিনি বহুবার উল্লেখ করেছেন। খাঞ্চাঁদ সিং গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন এবং আর্থিক কষ্টের মধ্যেও ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে সবসময় সমর্থন দিয়ে গেছেন। রিংকুর ক্রিকেটজীবন গড়ে ওঠার পেছনে তার বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় টি–২০ বিশ্বকাপ চলাকালে মাঝপথে দল ছেড়ে দেশে ফিরতে হয়েছিল রিংকুকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে তিনি দ্রুত বাড়ি ফেরেন। পরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে আবার ভারতীয় দলে যোগ দেন। তবে সেই ম্যাচে শেষ একাদশে জায়গা পাননি রিংকু; ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে।

রিংকুর বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে ভারতের ক্রিকেটমহল। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রিংকুর বাবার মৃত্যুসংবাদে গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের পাশে আছি। তার আশীর্বাদ তোমাদের শক্তি জোগাক।’

সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং বলেন, ‘রিংকুর বাবার মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। এমন মুহূর্তে কোনও শব্দই যথেষ্ট নয়। তোমার ও তোমার পরিবারের পাশে আছি।’

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘রিংকু, তোমার বাবার প্রয়াণে গভীর শোকাহত। অসংখ্য ত্যাগের মাধ্যমে তিনি একজন শক্ত ও অসাধারণ সন্তান গড়ে তুলেছেন—এটাই তার সবচেয়ে বড় উত্তরাধিকার।

এ ছাড়া শিখর ধাওয়ান ও যুজবেন্দ্র চাহাল সহ অনেক ক্রিকেটার রিংকু ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ