৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশের ২টি জাহাজ আটক করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জন জেলে-নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ আটক করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঙ্গলবার সকাল ১০টার দিকে এফভি মেঘনা-৫ এর মালিকানা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক সংবাদমাধ্যমকে বলেন, জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সর্বশেষ খবর পেয়েছি, জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
আনসারুল হক বলেন, ‘আমরা সামুদ্রিক মৎস্য দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘জাহাজ দুটির বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করা প্রয়োজন। আমরা প্রধান উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা ও মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে কিছু জানানো হলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব।’
জানা গেছে, এফভি মেঘনা-৫ জাহাজে নাবিকসহ ৩৭ জন এবং এফভি লায়লা-২ জাহাজে ৪২ জন জেলে ছিলেন। তবে ঠিক কী কারণে ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটি নিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তা মো. আবদুস ছাত্তার বলেন, “আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। অফিসে খোঁজ নিয়ে পরে জানাতে পারব।”
অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ডের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, তারাও বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে