গুজরাটে ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
ভারতীয় কোস্টগার্ডের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ‘ধ্রুব’ রোববার (৫ জানুয়ারি) গুজরাটের পোরবন্দর এলাকায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি কোস্টগার্ড এয়ার এনক্লেভ এলাকায় ঘটে।
হেলিকপ্টারটি কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারে দুই পাইলটসহ মোট তিনজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘ঘটনায় তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।’
এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গত বছরের একাধিক দুর্ঘটনার পর ভারতীয় এএলএইচ বহরের নিরাপত্তা উন্নয়নের জন্য হ্যাল (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড) কর্তৃক একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড সম্পন্ন হয়েছে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সংযোজনের মাধ্যমে এই হেলিকপ্টারগুলোর আকাশসীমা নিরাপত্তা উন্নত করার প্রত্যাশা করা হচ্ছে।
‘ধ্রুব’ বহরটি বেশ কিছুদিন ধরে নকশাজনিত সমস্যায় ভুগছিল এবং গত বছর একাধিক দুর্ঘটনার পর বেশ কয়েকবার এই বহরকে স্থগিত রাখা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে