বাংলাদেশে ব্যবসা বাড়াতে চান ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের ব্যবসায়ীরা। এ জন্য দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং ব্যবসার পরিবেশ আরও সহজ করার ওপর জোর দিয়েছেন তাঁরা।
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এক মধ্যাহ্নভোজ সভায় এ আগ্রহের কথা জানান ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ঢাকা সফররত প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআইয়ের নেতাদের এই সভা ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।
সভা শেষে সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরেন ফজলুল হক ও চন্দ্রজিৎ ব্যানার্জি। এ সময় ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি এফবিসিসিআইয়ের সাবেক তিন সভাপতিও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল। এর একটি অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব উন্নয়নের জন্য এবং অন্যটি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি সংরক্ষণ ও ডেটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী শিল্পে সহযোগিতার জন্য। বাংলাদেশের ব্যবসায়ীরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এ জন্য একটি কমিটি গঠন করা হবে এবং ওই কমিটি টাস্কফোর্স দুটির কাঠামো ও কার্যক্রমের রূপরেখা ঠিক করবে।
চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে চান। এ জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, পারস্পরিক সংলাপ বাড়ানো না গেলে ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোও কমানো সম্ভব হবে না।
বাংলাদেশে ব্যবসা করা কয়েকটি প্রতিষ্ঠানও ভারতীয় প্রতিনিধিদলে রয়েছে উল্লেখ করে চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, এসব প্রতিষ্ঠানের বড় ধরনের সমস্যা হচ্ছে না। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ যত বাড়বে, পারস্পরিক সম্পর্কও তত ভালো হবে।
এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে অশুল্ক বাধার বিষয়টি বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।
মতামত দিন