তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছান।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।
তিনি বিমান বাহিনীর প্রধান বিমান ঘাঁটি পরিদর্শন করবেন এবং ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ বেদীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।
ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।
মতামত দিন