ভারতীয় অভিনেত্রী সঞ্চিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'কুমকুম ভাগ্য'-এর অভিনেত্রী সঞ্চিতা উগালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের নালাসোপারায় নিজ বাসভবন থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সঞ্চিতার বাবা মচ্ছিন্দ্র উগালে জানান, মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। বাইরে স্বাভাবিক মনে হলেও হঠাৎ গভীর বিষণ্নতায় ডুবে যেতেন। পরিবার সব সময় কাউকে তার পাশে রাখার চেষ্টা করত। কিন্তু সেদিন অল্প সময়ের জন্য একা থাকার সুযোগেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা।
তিনি আরও অভিযোগ করেন, মেয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন চাপ ও হয়রানির মুখে ছিলেন। অর্থসংক্রান্ত ও অন্যান্য দাবি নিয়ে তাঁকে নিয়মিত বিরক্ত করা হতো। তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। মেয়ের জন্য বিচার চেয়ে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ যে কক্ষে পাওয়া যায় সেটি ভেতর থেকে বন্ধ ছিল এবং কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্তকারীরা আকস্মিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছেন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে।
'কুমকুম ভাগ্য' ছাড়াও সঞ্চিতা 'ওয়াগলে কি দুনিয়া' ও 'দিলওয়ালি দুলহা লে জায়েগি' ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০২৫ সালে ঐতিহাসিক চলচ্চিত্র 'ছাবা'তে তারাবাই চরিত্রে এবং 'সাইলেন্স ২'-তেও দেখা গেছে তাঁকে। ইন্ডিয়ান এক্সপ্রেস
মতামত দিন