বলিউড অভিনেতা রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড
চেক বাউন্স-সংক্রান্ত একাধিক মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লি হাইকোর্ট। শুক্রবার বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা এ রায় দেন। মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের করা সাতটি মামলায় প্রতিটিতে তিন মাসের সাধারণ কারাদণ্ড দেওয়া হলেও সাজাগুলো একই সঙ্গে কার্যকর হবে।
আদালত প্রতিটি মামলায় রাজপাল যাদবকে ১ কোটি ৫ লাখ রুপি পরিশোধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার স্ত্রী রাধা রাজপাল যাদবকে প্রতিটি মামলায় ৫ কোটির বেশি রুপি জরিমানা দিতে বলা হয়েছে। আদালত উল্লেখ করেন, পাওনা অর্থ পরিশোধ ও সমঝোতার শর্ত বাস্তবায়নের জন্য রাজপাল যাদবকে একাধিকবার সুযোগ দেওয়া হলেও তিনি ও তাঁর আইনজীবী বারবার আশ্বাস দিয়েও তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের জন্য তাঁকে দুই মাস সময় দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে একটি সেশনস আদালত একই মামলায় রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। পরে তিনি দিল্লি হাইকোর্টে আপিল করলে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে—এমন আশ্বাসের ভিত্তিতে সাজা স্থগিত করে মামলাটি মধ্যস্থতা কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু পরে আদালত দেখতে পান, বারবার সময় নেওয়া হলেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করেননি। এমনকি কিস্তিতে ২ কোটি ৫০ লাখ রুপি দেওয়ার আবেদন করেও সেই অর্থ জমা দেননি।
এর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালতের নির্দেশনা অমান্য করায় হাইকোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদনও খারিজ হয়ে যায়। পরে তিনি আত্মসমর্পণ করে অভিযোগকারী পক্ষকে ১ কোটি ৫০ লাখ রুপি জমা দিলে অন্তর্বর্তীকালীনভাবে সাজা স্থগিত করা হয়। তবে বাকি অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্ট তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।
মতামত দিন