সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন
ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদ থেকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তথা টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পদত্যাগের পরপরই তিনি দেখা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে, যার জেরে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
আজ সকালের দিকে কোয়েল মল্লিক পদত্যাগপত্র নিয়ে দেখা করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে এবং তার হাতেই পদত্যাগপত্র তুলে দেন। এর আগে গত ১১ জুন ই-মেইলে পদত্যাগপত্র পাঠালেও তা গ্রহণযোগ্য হয়নি, কারণ রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়াতে হলে নিয়ম অনুযায়ী স্বয়ং হাজির হয়ে চেয়ারম্যানের হাতে পদত্যাগপত্র জমা দিতে হয়। সেই অনুযায়ী আজ সশরীর গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
কোয়েল মল্লিকের প্রকৃত নাম রুক্মিণী মল্লিক। তার বাবা রণজিৎ মল্লিক পশ্চিমবঙ্গের চলচ্চিত্রজগতের পরিচিত অভিনেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মার্চ মাসে দলীয় কোটায় কোয়েল মল্লিককে রাজ্যসভার সংসদ সদস্য করার সিদ্ধান্ত নেন, আর তার সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আরও তিনজন—পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। তবে সংসদ সদস্য হওয়ার পর রাজ্যসভার কোনো অধিবেশনেই উপস্থিত হননি কোয়েল মল্লিক; বরং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারেই বেশি সময় দিয়েছিলেন তিনি।
মতামত দিন