দ্রুত স্বাভাবিক হবে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম: ভারতীয় হাইকমিশনার
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান এবং বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। পাশাপাশি ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করা হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নতুন সরকারকে অভিনন্দন জানাতে ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, সীমান্তের কয়েকটি বর্ডার হাট ও স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে, তবে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সেগুলো শিগগিরই চালু করা হবে।
এছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও পর্যালোচনা করা হয়। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে