Views Bangladesh Logo

‘নরেন্দ্র মোদি-তারেক রহমান আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ভেতরে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন শেষে এমন ইঙ্গিত দিলেন তিনি।

দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার উনার বক্তৃতা শুনেছি এবং তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন। এটা আমি দেখেছি। তিনি জনগণের ব্যক্তিত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে, যখন এই দুই নেতা আলোচনা করবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

দ্বিপাক্ষিক সম্পর্ক ও আলোচনা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার বিশ্বাস, মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।’

উল্লেখ্য, আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই হবে তাঁর প্রথম সাক্ষাৎকার, যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ