ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর: প্রণয় ভার্মা
ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনকে দীর্ঘ ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত এক গভীর সম্পর্ক হিসেবে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘আইসিসিআর দিবস’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন হাইকমিশনার। অনুষ্ঠানে তিনি আইজিসিসি আয়োজিত দুই দিনব্যাপী চিত্রশিল্প ক্যাম্প ‘সম্প্রীতি’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দুই দেশের স্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে দুই দেশের বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর, যা দীর্ঘ ইতিহাসের ওপর প্রতিষ্ঠিত। ভারতীয় হাইকমিশন এবং আইজিসিসি কেবল কূটনৈতিক প্রতিষ্ঠান নয়, বরং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা দুই দেশের মানুষের মধ্যে সংযোগ ও বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখছে।”
আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে