ভারতের ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজতর এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। এই সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক যোগাযোগ এবং জনগণের পারস্পরিক বন্ধন।
তিনি জানান, বর্তমান সরকার সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করছে।
ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এসব আলোচনার ইতিবাচক ফল হিসেবে খুব শিগগিরই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে স্বস্তি ফিরবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে