শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভাবে ভারত
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মনে করে ভারত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমনটাই জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে একজন ভারতীয় সাংবাদিক জানতে চান, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি ‘নির্বাসিত প্রধানমন্ত্রী’ হিসেবে বিবেচনা করছে।
তার জবাবে ভারত সরকারের অবস্থান তুলে ধরে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা এখান থেকে আগেই বলেছি যে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তীব্র আন্দোলন গণঅভ্যুত্থানে রুপ নেয়। এমন পরিস্থিতিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকেই দিল্লির একটি সেইফ হাউসে আছেন তিনি। তবে কোন এলাকায় শেখ হাসিনা রয়েছেন, সেই বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য জানানো হয়নি।
এ ছাড়াও সম্প্রতি চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার পেছনে ‘চরমপন্থীরা’ রয়েছে বলে মনে করেন রণধীর জয়সোয়াল। তিনি বলেন, চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উত্তেজনা সৃষ্টিকারী’ পোস্ট দেওয়া হয়েছে। সেটি থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
রণধীর জয়সোয়াল বলেন, ভারত সরকার বেশ কয়েকটি ভিডিও দেখেছে, যেগুলোতে চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলা ও ভয় দেখানো এবং হিন্দুদের ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার চিত্র উঠে এসেছে। এটা নিন্দনীয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এসব ঘটনা ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং সাম্প্রদায়িক পরিস্থিতিতে ভারসাম্য বিনষ্টে ভূমিকা রাখবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং এসব হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে