বাংলাদেশে ‘পুশ-ইন’ হওয়া ৫ জনকে ফেরত নেবে ভারত
বাংলাদেশে ‘পুশ-ইন’ করা পাঁচজন ব্যক্তিকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ফেরত নেওয়ার পর তাদের নাগরিকত্ব যাচাই করা হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
শুক্রবার (২২ মে) ভারতের সুপ্রিম কোর্টে এ তথ্য জানানো হয়।
সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে জানান, মানবিক ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্ট ছয়জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল। পরে ভারতের কেন্দ্রীয় সরকার ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
জানা গেছে, ওই ছয়জনের মধ্যে সোনালি খাতুন নামের এক নারী তার আট বছরের সন্তানসহ ইতোমধ্যে ভারতে ফিরে গেছেন। তিনি তখন গর্ভবতী ছিলেন এবং পরে পশ্চিমবঙ্গের বীরভূমে তার দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
বাকি পাঁচজন দিল্লিতে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের মতে, তাদের ভুলভাবে বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে পাঠানো হয়েছিল। আদালতে বিষয়টি চ্যালেঞ্জ করার পর দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখন তাদের ফেরত আনার সিদ্ধান্ত এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে