জ্বালানি ঘাটতি সামাল দিতে প্রতি মাসে ১৫ হাজার টন তেল পাঠাবে ভারত
ভারত দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যে দুটি জাহাজে করে মোট ৩০ হাজার টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে কিছুটা অস্থিরতা থাকলেও আপাতত দেশে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকাকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বেইজিং।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। সরকার পর্যাপ্ত মজুত থাকার দাবি করলেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দৈনিক অকটেনের চাহিদা এক হাজার ১০০ টন থেকে বেড়ে দুই হাজার টনে পৌঁছেছে। পেট্রোলের চাহিদা বেড়েছে প্রায় এক হাজার টন। আর ডিজেলের চাহিদা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ২৫ হাজার টনে দাঁড়িয়েছে।
চাহিদার এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে সরকার সাময়িকভাবে জ্বালানি বিক্রির ক্ষেত্রে লিটার নির্ধারণ করে দিয়েছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আমদানির পাশাপাশি সমুদ্রপথেও জ্বালানি আনা হচ্ছে। বর্তমান মজুত দিয়ে মার্চ মাস নির্বিঘ্নে পার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে তেল আনার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন।
এদিকে সোমবার (৯ মার্চ) বিকেলে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি বড় ট্যাংকার চট্টগ্রাম বন্দর জলসীমায় নোঙর করেছে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে