Views Bangladesh Logo

বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু ২৮ জুন

বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

এর আগে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে তার আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সম্পর্ক আরও জোরদার করতে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণাকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন।

ভিসা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য আনুষ্ঠানিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই ভারতীয় হাই কমিশন ও সংশ্লিষ্ট ভিসা সেন্টার থেকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কূটনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন সুযোগ সৃষ্টি করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ