ভারতের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
রবিবার গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
জবাবে ৭ উইকেট ও ৪৯ বল হাতে রেখেই জ তুলে নেয় স্বাগতিক ভারত। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।
১২৮ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। দলের কেউই তেমন বড় স্কোর গড়তে না পারলেও ছোট ছোট ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে যায় দল।
ওপেনিংয়ে নেমে ৭ বলে ১৬ রান করেন অভিষেক শর্মা। ১৯ বলে ২৯ রান আসে সাঞ্জু স্যামসনের ব্যাটে। তিনে নেমে অধিনায়ক সূর্যকুমার খেলেন ১৪ বলে ২৯ রানের ইনিংস। ৮০ রানে ৩ উইকেট হারানো ভারতকে আর কোনো বিপদ ঘটতে দেননি হার্দিক পান্ডিয়া ও নীতীশ কুমার রেড্ডি। বিস্ফোরক ইনিংসে ১৬ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন হার্দিক। আরেক পাশে ১৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন নীতীশ।
বাংলাদেশের কোনো বোলারই ভারতীয় ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেননি। ১ উইকেট নেওয়া মোস্তাফিজ ৩ ওভারে দিয়েছেন ৩৬ রান। মিরাজ ১ ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর অভিষেক হয়েছেন রানআউট।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে