Views Bangladesh Logo

বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে ভারত: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থনে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ভারত।

‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগের অংশ হিসেবে ছাত্র-জনতার গণআন্দোলনে আহতদের দেখতে শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে যান তিনি। পরে সাংবাদিকদের বলেন, ‘সততার সাথে আপসকারী রাজনীতিবিদ, নীতিনির্ধারক এবং প্রতিবেশী দেশের অনেক মিডিয়া ব্যক্তিত্ব স্বৈরাচারী শাসকের (শেখ হাসিনা) পলায়নে কাঁদছেন’।

‘তারা মিথ্যা কথা বলে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। দাবি করছেন, বাংলাদেশে হিন্দুদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এবং হত্যা করা হচ্ছে। কিন্তু, প্রযুক্তির এই যুগে, তাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে’- বলেন রিজভী।

তিনি বলেন, ‘ভারত মিথ্যা অপপ্রচার চালানোয় সেখানেও হিংস্র খুনি ও রক্তপিপাসুরা আধিপত্য বিস্তার করছে’।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, নিজের স্বার্থরক্ষায় শেখ হাসিনাকে ব্যবহারের পর তার জন্য ‘কুমিরের কান্না’ করছে প্রতিবেশী দেশটি।

ভারতে বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মানের পাশাপাশি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ সময় বলেন, আওয়ামী লীগের সাথে বন্ধুত্বের জন্য ভারত ১৯ কোটি বাংলাদেশিকে শত্রু বানাচ্ছে।

‘তারা (ভারতীয়) এতোটাই এগিয়ে গেছে যে, তারা আমাদের স্বাধীন প্রিয় মাতৃভূমির পতাকা ছিঁড়ে ফেলেছে। ভিয়েনা কনভেনশন অনুসারে তারা আমাদের কূটনৈতিক কর্মকর্তাদের ওপর হাত তুলে ভয়ানক ও গুরুতর আন্তর্জাতিক অপরাধ করেছে’- বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

শেখ হাসিনা তার নিজের দেশের নাগরিকদের উপর যে নিষ্ঠুরতা ও সহিংসতা চালিয়েছে, তা স্বীকার করতে ব্যর্থ হওয়ায় ভারতের সমালোচনাও করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ