জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা ও শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
শনিবার (৩০ মে) ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জিয়াউর রহমানকে বাংলাদেশের অন্যতম বিশিষ্ট জাতীয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়। বার্তায় ১৯৭১ সালের মার্চে তাঁর ঐতিহাসিক রেডিও ভাষণের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, যা সেই সময় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির লড়াইকে নতুন গতি দিয়েছিল।
বার্তায় বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি।
হাইকমিশনের বার্তায় আরও বলা হয়, সেই ভাষণ দেশের আপামর জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ করা ইতিহাস ও ত্যাগের কথাও তুলে ধরে ভারতীয় হাইকমিশন। বার্তায় দুই দেশের সম্পর্ককে সাধারণ সংগ্রাম ও পারস্পরিক আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা বন্ধন হিসেবে বর্ণনা করা হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মতো আজও ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।
এই শ্রদ্ধাঞ্জলি এমন এক সময়ে এলো, যখন দেশজুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভার মাধ্যমে দেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণ করা হচ্ছে।
মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে আততায়ীর হাতে নিহত হন। প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে