পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
কাশ্মিরে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। প্রতিবেশি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ঝুঁকিও দেখছেন অনেকে।
রোববার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত।
প্রতিবেদনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে অংশ নেয়া চারজন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কাশ্মিরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা নয়, বরং সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতির অংশ।
এর আগে, গত বৃহস্পতিবার এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সন্ত্রাসী আস্তানা ধ্বংস’ এবং তাদের ‘কঠিন শাস্তি’ দেয়ার প্রতিশ্রুতি দেন। তবে তিনি সরাসরি পাকিস্তানের নাম নেননি।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। কাশ্মিরে ভারতীয় বাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলায় জড়িতদের খোঁজে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এর জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি উত্তপ্ত হলে কেউ আমাদের থামাতে পারবে না। মোদি যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তাহলে আমরা তাকে তার ঘর পর্যন্ত তাড়া করবো। পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।’
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের সন্ত্রাসবাদে সহায়তার অতীত ইতিহাস তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, সাম্প্রতিক হামলার তদন্ত চলছে এবং কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে, যা হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে।
ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন বলেছেন, মোদি সরকারের সামনে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ছাড়া আর কোনো বিকল্প নেই। এর পেছনে ২০১৬ ও ২০১৯ সালে কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ভারতের বিমান হামলার নজিরও একটি কারণ।
এদিকে হামলার পাঁচ দিন পরেও ভারত সরকার কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম প্রকাশ করেনি এবং পাকিস্তানের সম্পৃক্ততার পক্ষে খুব সামান্য প্রমাণ প্রকাশ করতে পেরেছে। অন্যদিকে, পাকিস্তান সরকার সরাসরি হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে