শিগগির মেডিকেল ও বিজনেস ভিসা চালুর বিষয়ে ইতিবাচক ভারত: হুমায়ুন কবির
শিগগির মেডিকেল ও বিজনেস ভিসা চালুর বিষয়ে ভারত ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দেয়—এমন কোনো চুক্তিতে কখনোই যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।
ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সাম্প্রতিক সময়ে দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যে যোগাযোগ ও সফর হয়েছে, তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিএনপির সঙ্গে ভারতের সহযোগিতায় কোনো জটিলতা হবে না—যা অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গিয়েছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দক্ষিণ এশিয়ার একটি দেশে সফরে যেতে পারেন বলেও জানান উপদেষ্টা, যদিও গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ভারতের সঙ্গে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনাও আলোচনায় এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে