২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত
প্রথমবারের মতো আয়োজিত আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে ভারত। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে আগামী বছরের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ২০২৭ নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে ভারতের নাম নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি মুম্বাই ও ভাদোদরায় অনুষ্ঠিত হবে ছয় দলের এই প্রতিযোগিতা। ম্যাচগুলো হবে মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই) ও ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলো প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।
প্রথমে শ্রীলঙ্কায় নারী চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী আসর আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আইসিসির নির্ধারিত সংস্কারকাজ সময়মতো শেষ না হওয়ায় সেখানে টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে বিকল্প আয়োজক হিসেবে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বিবেচনায় নিয়ে প্রক্রিয়া শুরু করে আইসিসি।
আয়োজক নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড পর্যালোচনার পর ভারতকে বেছে নেওয়া হয়। ২ সেপ্টেম্বর আইসিসি বোর্ডের অনুমোদনের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, নারী চ্যাম্পিয়নস ট্রফি নারী ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করবে। বিশ্বের সেরা দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতাটি যেমন দর্শকদের উপভোগ্য ক্রিকেট উপহার দেবে, তেমনি র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লড়াইও আরও তীব্র হবে।
আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
মতামত দিন