জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্ধারিত সাদা বলের সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নতুন সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া বিসিসিআইয়ের এক সূত্রের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে।
আগে ঠিক করা সূচি অনুযায়ী, আজ ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি আগামী জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।
এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে বিসিসিআই এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সম্প্রতি ভারত সিরিজ নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সূচির তারিখ এদিক-সেদিক হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।
২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নির্ধারিত ভারতীয় দলের সিরিজও পিছিয়ে যায়।
চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। পরে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি।
তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। এখন সেই সিরিজ জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনাই সামনে এসেছে।
মতামত দিন