Views Bangladesh Logo

অষ্টমবারের মতো এশিয়া চ্যাম্পিয়ন ভারত, ট্রফি নিতে অস্বীকার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা আবারও উঠল ভারতের হাতে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো টুর্নামেন্ট জিতল হারমানপ্রীত কৌরের দল। টি-টোয়েন্টি সংস্করণে এটি ভারতের চতুর্থ শিরোপা।

টস জিতে ব্যাটিং নেওয়া ভারত নির্ধারিত ওভারে তোলে ৫ উইকেটে ১৮৩ রান। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতে আসে ১২৯ রান, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। শেফালি মাত্র ২৪ বলে ফিফটি তুলে গড়েন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। দুই ওপেনারই থামেন ৫৯ রানে।

জবাবে শ্রীলঙ্কার ইনিংস শুরু থেকেই ছিল খেই হারানো। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ৩৬ রান, বিষ্মি গুনারত্নের ব্যাট থেকে আসে ২০ রান। বল হাতে ভারতের হয়ে বিধ্বংসী স্পেল করেন শ্রী চারানি, ২০ রানে নেন ৪ উইকেট। দীপ্তি শর্মা নেন ৩ উইকেট, খরচ করেন ১৯ রান।

তবে শিরোপা জয়ের পরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে দূরে থাকে ভারত। ম্যাচ শেষ হয় স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে, কিন্তু পুরস্কার বিতরণী শুরু হয় ৪৫ মিনিটেরও বেশি পর। ম্যাচ কর্মকর্তা ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মেডেল গ্রহণ করলেও মঞ্চে ওঠেননি ভারতীয় দলের কেউ। রানার্সআপের পুরস্কার নেন আতাপাত্তু নিজেই। ব্যক্তিগত পুরস্কারও দেওয়া হয়নি এদিন।

ছবি ও ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা অবস্থান করছেন নিজেদের ড্রেসিংরুমের বাইরে।

প্রধান কোচ অমোল মজুমদার জানান, সিদ্ধান্তটি নিয়েছে বিসিসিআই, আর দল তাতে সমর্থন দিয়েছে। তিনি বলেন, "এই অবস্থান বিসিসিআই নিয়েছে, আর আমরা তার পাশে আছি। টুর্নামেন্ট শেষ। আমরা চ্যাম্পিয়ন, এটাই আমাদের জন্য যথেষ্ট।"

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ