বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশের মেঘ পরিষ্কার করতে চায় ভারত: পরিবেশ উপদেষ্টা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে তা পরিষ্কার করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি (রিজওয়ানা) এ কথা বলেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মিশ্রি।
রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে ভারতীয় সচিব উল্লেখ করেন যে, বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে তা দূর করতে হবে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের একাংশের অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে ভারত সরকার এই অপপ্রচারের জন্য দায়ী নয় এবং অপপ্রচারও চালাচ্ছে না। ভারতীয় পক্ষ দাবি করেছে যে তাদের সরকার প্রচারের মালিক নয়।
বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেয়ার বিষয়ে জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, বিক্রম মিশ্রি আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে।
রিজওয়ানা হাসান বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ইচ্ছুক।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে যে বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে ঢাকা ভারতীয় প্রতিনিধিদের কাছে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে