Views Bangladesh Logo

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী ভারত: দীনেশ ত্রিবেদী

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত আশাবাদী বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের জনগণই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আগ্রহী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জন্য উপযুক্ত সময় বিবেচনা করেই সফরের তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে এখনো নির্দিষ্ট দিন বা মাস নিয়ে আলোচনা হয়নি। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে বলে জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে সামগ্রিক পরিবেশ ইতিবাচক। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। দুই দেশের জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে বলেও উল্লেখ করেন তিনি।

দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুই দেশেরই আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের কাজ নিয়ে বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটি নিয়েই সরকার কাজ করছে। এ বিষয়ে সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণকে ঘিরে থাকা ফোয়ারা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। আত্মসমর্পণের স্থানের পরিবর্তে সেখানে ফোয়ারা নির্মাণ করা হবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে তথ্য এসেছে, তা সঠিক নয়। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়ও সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ