Views Bangladesh Logo

হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত কোনো আনুষ্ঠানিক শর্ত জানায়নি: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলেও জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাসিনার প্রত্যর্পণ ঘিরে দুটি শর্তের আভাস দেওয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, তা দেখার সময় তাঁদের নেই এবং বিষয়টি সরকারের আলোচ্যও নয়।

প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা এখন বিদেশে অবস্থান করছেন। তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তাঁর ভাষ্য, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো হাসিনা দেশে এসে সাজা ভোগ করবেন, এমনটাই সরকারের প্রত্যাশা। ভারত সাড়া দিলে বাংলাদেশের মানুষ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

শামা ওবায়েদ বলেন, হাসিনা-ইস্যুর চেয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বড়। তাঁর মতে, মুক্তিযুদ্ধের সময় থেকে চলে আসা এই সম্পর্ক একটি বিষয়ে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতের মতো এখনো আওয়ামী লীগ সহিংসতা চালাচ্ছে। দলটি অন্য একটি দেশে বসে এসব কার্যক্রম পরিচালনা করছে বলে সরকারের তা মোকাবিলা করা প্রয়োজন বলেও মত দেন তিনি। উল্লেখ্য, দলটির এসব অভিযোগ নিয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদনে নেই।

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে প্রকাশিত খবর ভুল বলেও জানান শামা ওবায়েদ। তাঁর ভাষ্য, সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। দুই পক্ষই কিছুদিন পরে এটি আয়োজনের কথা বলেছে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর বিবিসি বাংলা এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে দাবি করে, হাসিনাকে ফেরাতে নয়াদিল্লি দুটি শর্তের আভাস দিয়েছে। প্রথম শর্ত, হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন বলে তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজও সেনাবাহিনীকেই করতে হবে। দ্বিতীয় শর্ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচার শুরুর নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে।

ওই প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করেননি। তিনি আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে বলেন, প্রত্যর্পণ আইনি বিষয়, আইনি পথেই সিদ্ধান্ত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ