ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ ঘিরে সূচি সংকটে ভারত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ইতিহাসে প্রথমবার নিজেদের মাটিতে খেলতে যাচ্ছে ভারত। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ঘিরে দেশটির ফুটবলাঙ্গনে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে একই সময়ে আসিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ায় সূচি নিয়ে জটিলতায় পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান কাপ। এই টুর্নামেন্টেও অংশ নিচ্ছে ভারত।
একই সময়ে দুটি প্রতিযোগিতায় পূর্ণ শক্তির দল নিয়ে অংশ নেওয়া সম্ভব না হওয়ায় ভারতীয় ফুটবল ফেডারেশন শুরুতে আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারের কথা বিবেচনা করেছিল। তবে এ প্রস্তাবের বিরোধিতা হয়। শেষ পর্যন্ত আসিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
আসিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন দলই কেবল সেমিফাইনালে উঠবে। ভারত যদি শেষ চার বা ফাইনালে ওঠে, তাহলে ব্রাজিলের বিপক্ষে একই সময়ে পূর্ণ শক্তির দল মাঠে নামানো সম্ভব হবে না। তাই ব্রাজিলের বিপক্ষে সেরা দল খেলানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া অবশ্য দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি খেল নাও-কে বলেন, কমিটির বৈঠকে আমি আসিয়ান কাপে অংশ নেওয়ার পক্ষে জোর দিয়েছি। এটি সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে অনেক ভালো টুর্নামেন্ট। এখানে অংশগ্রহণ ফি ও ভালো পারফরম্যান্সের জন্য আকর্ষণীয় পুরস্কার অর্থ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের উন্নয়নের জন্য এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। একটি ম্যাচের চেয়ে তিন-চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলা অনেক বেশি উপকারী।
তিনি আরও বলেন, ব্রাজিল তো ব্রাজিলই। তাদের বিপক্ষে খেলা অবশ্যই ভিন্ন অভিজ্ঞতা। কিন্তু সময়টা অনুকূল নয়। একটি ম্যাচ জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়নে কতটা প্রভাব ফেলবে, সেটিও ভাবার বিষয়।
যদিও ভুটিয়ার প্রস্তাব পুরোপুরি গ্রহণ করেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। তারা একদিকে ব্রাজিলের বিপক্ষে সেরা দল খেলাতে চায়, অন্যদিকে আসিয়ান কাপ থেকেও সরে দাঁড়াতে রাজি নয়। ফলে টুর্নামেন্টটিতে দ্বিতীয় সারির দলই পাঠানোর সিদ্ধান্তে অটল রয়েছে তারা।
মতামত দিন