পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমরা সবক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই— ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী উপায়ে।
তিনি বলেন, ‘আমাদের পারস্পরিক সুবিধা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চাই।’
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে।’ তিনি জানান, নির্বাচনের পরপরই ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। তারা সেদিন পরে ফোনেও কথা বলেছিলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘১৭ ফেব্রুয়ারি যখন নতুন সরকার শপথ গ্রহণ করে, তখন ভারতের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। সাক্ষাৎকালে ভারতের স্পিকার প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি হস্তান্তর করেন।’
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘আমরা আগেও সবক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার জন্য একটি দূরদর্শী উপায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছি। সুতরাং, আমি মনে করি, অবশ্যই জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা সত্যিই আশা করি, আমরা ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী উপায়ে একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবো।’
তিনি আরও বলেন, ‘আমরা আগেও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমর্থন করার জন্য আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছি। আমার মিটিংয়েও আমি মূলত একই অনুভূতি প্রকাশ করেছি। আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় রয়েছি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে