মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত
চার মাসের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে ভারত। শুক্রবার (৮ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এই সিদ্ধান্ত আজ থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজ রপ্তানি বন্ধের এই নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।
এই নির্দেশনায় আরও বলা হয়, এই নোটিশ জারির আগে পেঁয়াজের গাড়ি লোড হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট দেশে পৌঁছে যাবে। অথবা পেঁয়াজ ভর্তি গাড়ি বা জাহাজ ভারতীয় পোর্ট অতিক্রম করলে সেটি এই নির্দেশনার আওতায় পড়বে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো দেশের সরকারের অনুরোধে ভারত সরকার চাইলে পেঁয়াজ রপ্তানির নীতিতে পরিবর্তন আনতে পারবে।
ভারত থেকে মূলত দেশে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি হয়।
উল্লেখ্য, আবহাওয়াজনিত কারণে চলতি বছর দেশে পেঁয়াজ চাষ দেরিতে হয়েছে। ফলে পেঁয়াজের দাম আকাশচুম্বী। ভারতীয় পেঁয়াজ আসায় কিছুটা স্বস্তি ছিল ক্রেতা সাধারণের মধ্যে। এখন সেটিও বন্ধ হয়ে যাওয়ায় বাজারে এর বেশ ভয়াবহ প্রভাব পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ভারতে সংরক্ষিত রবি শস্যের মধ্যে পেঁয়াজের মজুদ কমে আসছে। ফলে সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তবে সেই সমস্যা দূর করতে ভারত সরকার ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে