Views Bangladesh Logo

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের প্রত্যাশা নয়াদিল্লির

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের জেরে কিছুটা শীতল হয়ে পড়া ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতে দুজন নতুন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতবিরোধী অবস্থান নিয়ে আলোচনা ছিল। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পর্কে ভারত সরকারকে অবহিত করা হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই। এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমরা আগ্রহী।

গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়লেও সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

এদিকে একই ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ী জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারত সরকার অবগত কি না এবং এ সফর নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে কিছু জানিয়েছে কি না। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ