ভারতের কর্ণাটকে ২ শিশুর এইচএমপিভি শনাক্ত
ভারতের কর্ণাটক রাজ্যে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণে আক্রান্ত ২ শিশুকে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে সংক্রমণের ভাইরাসটি চীন থেকে আগত।
সোমবার (৬ জানুয়ারি) ভারতের বায়োমেডিকেল গবেষণার শীর্ষ প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) কর্ণাটকের বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি হওয়া দুটি শিশুর মধ্যে এইচএমপিভি শনাক্ত করেছে।
প্রথমটি তিন মাস বয়সী এক কন্যাশিশু, যার ব্রঙ্কোপনিউমোনিয়ার (ফুসফুসের জটিলতা) ইতিহাস ছিল এবং দ্বিতীয়টি আট মাস বয়সী এক ছেলেশিশু, তারও ব্রঙ্কোপনিউমোনিয়ার লক্ষণ ছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কন্যাশিশুটি ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর অন্যশিশুটি সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে।
দুই রোগীর কারোরই আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এছাড়া, এইচএমপিভি বিশ্বব্যাপী প্রচলিত এবং এর সঙ্গে সম্পর্কিত শ্বাসযন্ত্রের অসুস্থতার ঘটনা বিভিন্ন দেশে রিপোর্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।
আইসিএমআর এবং ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি) নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতা (আইএলআই) বা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতার (এসএআরআই) ক্ষেত্রে কোনো অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতি নজরদারি চ্যানেলগুলোর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইসিএমআর সারা বছর এইচএমপিভির প্রাদুর্ভাবের প্রবণতা পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে