বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশের পক্ষ থেকে করা অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
বৃহস্পতিবার (১২ মার্চ) নয়াদিল্লিতে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপও একই ধরনের অনুরোধ করেছে। ভারতের অভ্যন্তরীণ চাহিদা এবং শোধনাগারের সক্ষমতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় পরিসরে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ করা হচ্ছে।
তিনি জানান, ২০০৭ সাল থেকে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে এই জ্বালানি সরবরাহ চলছে। ২০১৭ সালে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে ডিজেল সরবরাহের একটি চুক্তিও স্বাক্ষরিত হয়, যার আওতায় বর্তমানে সরবরাহ অব্যাহত রয়েছে।
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা হামলার প্রভাবে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও বন্ধ হয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে।
গত বুধবার ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে