বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে ভারত আগ্রহী: দিনেশ ত্রিবেদী
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও দৃঢ় ও গভীর করতে ভারত আন্তরিকভাবে আগ্রহী বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।
শনিবার (১৫ আগস্ট) সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বার্তার পুনরাবৃত্তি করেন।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ভারতীয় হাই কমিশনার বলেন, ‘এই অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের শক্ত ভিত্তির ওপর আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে।’
বাণিজ্য ও যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো প্রধান প্রধান খাতগুলোতে দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানিয়ে দিনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে আসুন, ভারতের অব্যাহত অগ্রগতি, ঐক্য ও সমৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।’
দিনেশ ত্রিবেদী বলেন, ‘একইসঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ব্যতিক্রমী বন্ধুত্বের বন্ধনকে আরও লালন করি এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করি।’
মতামত দিন