রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষ বিদায়ে শোক নেমে এসেছে দেশজুড়ে। সোমবার মুম্বাইয়ে তার বাসভবন ‘কাসা গ্রান্ডে’-তে পরিবারের সদস্য, ভক্ত ও তারকারা শেষ শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় দেওয়া হয়।
শেষ বিদায়ের সময় তার মরদেহে জাতীয় পতাকা মোড়ানো হয়। শেষকৃত্য নির্বিঘ্ন করতে মুম্বাইজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বিভিন্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দুপুর পর্যন্ত সাধারণ মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি বলিউডের বহু তারকাও শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ, রণবীর সিং, তাবুসহ অনেকে।
ভারতের ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারও পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শাবানা আজমি, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুখেশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন শাহরুখ খান, আলিয়া ভাট, অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রাসহ অসংখ্য তারকা।
পরিবারের সদস্যরাও শেষবারের মতো তাকে বিদায় জানান। তার বড় বোন মীনা মঙ্গেশকর হুইলচেয়ারে করে এসে শেষ শ্রদ্ধা জানান।
বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল।
এর আগে শনিবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ড. প্রতীত সামদানি জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ সংগীতজীবনে বহু ভাষায় গান গেয়ে ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন আশা ভোঁসলে। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন এবং গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে