উইলিয়ামসনদের বিদায়, ফাইনালে ভারত
ফের স্বপ্ন ভঙ্গ হলো নিউজিল্যান্ডের। গত দুই আসরে ফাইনাল খেলেও বিশ্বকাপ জেতা হয়নি কিউইদের। আর এবার বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকেই। বুধবার মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে কেন উইলিয়ামসনদের ৭০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত।
ভারতের দেওয়া ৩৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৩২৭ রানে। নিউজিল্যান্ডের হয়ে একাই লড়েছেন চারে নামা ড্যারিল মিচেল। ১১৯ বলে ১৩৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি। তাকে কিছুটা ভালো সঙ্গ দিয়েছেন কেন উইলিয়ামসন। কিউই দলপতির ব্যাট থেকে এসেছে ৭৩ বলে ৬৯ রান। গ্লেন ফিলিপস করেছেন ৩৩ বলে ৪১ রান। নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ৫৭ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন ৭টি উইকেট।
এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে রান-উৎসবে মাতে ভারত। বিরাট কোহলি তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতক। ১১৭ রান করে থামেন তিনি। শতক হাঁকান শ্রেয়াস আইয়ারও। তার ব্যাট থেকে আসে ১০৫ রান। ৫০ ওভার শেষে ভারত পায় ৪ উইকেটে ৩৯৭ রানের বিশাল স্কোর।
ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ শামির হাতে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে