বাংলাদেশ-ভারত সামরিক ও কৌশলগত সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় দিল্লি: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত বিশেষ গুরুত্বের সঙ্গে দেখে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ, দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া দুর্যোগ মোকাবিলা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং সমুদ্র নিরাপত্তা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অভিন্ন নিরাপত্তা স্বার্থের বিষয়গুলোতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সাক্ষাতে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে দিল্লির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ে ধারাবাহিক যোগাযোগের মধ্যে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
মতামত দিন