ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গভীর ও স্থায়ী বন্ধন বিদ্যমান: প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গভীর ও স্থায়ী বন্ধন বিদ্যমান।
তিনি বলেন, 'এই বন্ধন আমাদের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে উভয় দেশের যৌথ ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে।'
মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির ক্ষেত্রে ২০২৫ সালের জন্য নির্বাচিত শিক্ষার্থীগণকে বিদায় জানাতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সোমবার ২৮ জুলাই হাই কমিশন প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
হাই কমিশনার প্রণয় ভার্মা এই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীগণকে অভিনন্দন জানান এবং তাঁদের অনুরোধ করেন যেন তাঁরা ভারতে তাঁদের শিক্ষাজীবন নিজেদের পেশাগত অগ্রগতি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বন্ধুত্বের সেতুবন্ধ গড়ার ক্ষেত্রেও ব্যবহার করেন।
তিনি বলেন, 'এই বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণসমাজ এই বন্ধনকে আরও দৃঢ় করার এবং আমাদের যৌথ ভবিষ্যৎ গঠন করার কাজে অবদান রাখছে।'
আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি নাগরিকগণ ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।
এ বছর, বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে