হাদি হত্যায় ২ আসামিকে ফেরত দিতে সম্মত ভারত
ভারত ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, আলোচনায় উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। ওসমান হাদি হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। পাশাপাশি, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে সম্মত হয় উভয়পক্ষ।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে দেশে ফেরানোর অনুরোধও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
বৈঠকে খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকার “বাংলাদেশ ফার্স্ট” নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা ও সম্মানের ওপর জোর দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
অন্যদিকে, জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
জ্বালানি সহযোগিতার বিষয়ে, ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন খলিলুর রহমান। এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দেন হরদীপ পুরী।
সফরের অংশ হিসেবে খলিলুর রহমান ও রিয়াজ হামিদুল্লাহ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গেও বৈঠক করেন। তিন দিনের সফরে তিনি মঙ্গলবার দিল্লি পৌঁছান এবং বৃহস্পতিবার মরিশাসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে