সাংবাদিকদের মূল দায়িত্বই হচ্ছে ক্ষমতাসীনদের প্রশ্নের মুখে দাঁড় করানো: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের মূল দায়িত্বই হচ্ছে ক্ষমতাসীনদের প্রশ্নের মুখে দাঁড় করানো এবং এই ভূমিকা অব্যাহত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্য তুলে ধরা এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করতে প্রশ্ন করা। তাই সাংবাদিকতার এই মৌলিক ভূমিকা কোনোভাবেই বন্ধ হওয়া উচিত নয়।
তিনি বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীন পরিবেশে কাজ করছে। স্বাধীন সাংবাদিকতা পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
জহির উদ্দিন স্বপ্ন বলেন, সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত দায়িত্বশীলতাও নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যারা অপসাংবাদিকতায় যুক্ত হন, তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অতীতে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করা হয়েছে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সরকার বিচারের আওতায় এনেছে। একই সঙ্গে গণমাধ্যমের জন্য একটি নতুন ও কার্যকর পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মতামত দিন