বিশেষ অবদান রাখলে ২৫ বছর পর পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ ক্ষেত্রে অবদান রাখলে কমপক্ষে ২৫ বছর পর তাকে দ্বিতীয়বার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এ সংশোধনের বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখলে ন্যূনতম ২৫ বছর পর তাকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে। এ জন্য স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ সংশোধন করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সাধারণভাবে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না। তবে যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন, তাহলে কমপক্ষে ২৫ বছর পর তাকে আবারও স্বাধীনতা পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে।
আগের নির্দেশনায় বলা ছিল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য বিবেচনা করা হবে না।
উল্লেখ্য, ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় মরণোত্তর পুরস্কারের জন্য ড. জাফরুল্লাহ চৌধুরীর নাম আসার পর দ্বিতীয়বার পুরস্কার দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তিনি এর আগে ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। এ বছর তারসহ মোট ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে