স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিলে পুননির্ধারিত
‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ৯ এপ্রিলের পরিবর্তে অনুষ্ঠানটি আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) প্রদান করা হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণেই সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন করে কোনো আমন্ত্রণপত্র দেওয়া হবে না। ৯ এপ্রিলের জন্য পাঠানো আমন্ত্রণপত্র ব্যবহার করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে।
প্রতি বছর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে, যা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।
এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। স্বাধীনতা ও দেশগঠনে অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হচ্ছে।
এছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধ বিভাগে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মনোনয়ন পেয়েছে। সাহিত্য ও সংস্কৃতিতে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), হানিফ সংকেত এবং বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
সমাজসেবা ও জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র পুরস্কার পাচ্ছেন।
গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া মনোনীত হয়েছেন। ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পুরস্কার পাচ্ছে। এছাড়া পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার মনোনয়ন পেয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে