আজ থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার দাবিতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
ধর্মঘটের ফলে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবনসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি আউটার লাইটারেজ কার্যক্রমও বন্ধ রাখা হবে।
এর আগে ঘোষিত ধর্মঘট কর্মসূচিতে আউটার লাইটারেজ চালু থাকলেও এবার তা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় বন্দরের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রায় ২০০ জন সাধারণ কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে জরুরি বৈঠক আহ্বান করে। তবে সংগ্রাম পরিষদ এই বৈঠক প্রত্যাখ্যান করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন।
সংগ্রাম পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আইনগত পদক্ষেপ প্রত্যাহার।
সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবির বলেন, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা কর্মবিরতি এবং ৩ ফেব্রুয়ারি বিকেল থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মবিরতি পালন করা হয়। নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনের আশ্বাসের পর দুই দিনের জন্য (শুক্রবার ও শনিবার) কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় এবার আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির, ডক ন্যাশনালিস্ট শ্রমিক লীগের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, উইন্সম্যান অ্যাসোসিয়েশনের ইমাম হোসেন খোকন, শরিফ হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে