সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন পর্যটকরা
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। স্থানীয়দের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সংগঠন দুটির ডাকে রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধ সমর্থকরা। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা বলেন, এখন পর্যটকের ভরা মৌসুম। প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে করে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যান। রোববার সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। তবে অবরোধের কারণে তাঁরা বাঘাইহাটের পর আর যেতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা ২টার দিকে পর্যটকদের সাজেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধের খবর শুনে গতকাল কিছু পর্যটক সাজেক ছেড়ে গেছেন। আবার নতুন কিছু পর্যটকও এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। সকালে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকদের কোনো গাড়ি সাজেক ছেড়ে যায়নি। বেলা দুইটায় পর্যটকদের নিয়ে গাড়ি ছাড়ার কথা রয়েছে।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সকাল ছয়টা থেকে তাঁদের পূর্বঘোষিত সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। তবে বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় তাঁদের বাধা দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
এ ব্যাপারে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে কোনো যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী সব গাড়ি নিরাপত্তা বাহিনীর পাহারায় বেলা দুইটায় সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
মতামত দিন