Views Bangladesh Logo

বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ সাজেকে

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

বিবৃতিতে বলা হয়, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং জেএসএসের সদস্যদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও উৎপাত বন্ধে তাঁদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এর আগে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করা হয়। ওই দিন বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মো. সালমান ও প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ স্থগিত করা হয়।

এদিকে, সাজেকে ভ্রমণে যাওয়া পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।

যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়, জেএসএসের সদস্যরা এখনো আগের অবস্থানে থেকে সাজেকের মাচলং এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছেন। শতাধিক সাধারণ মানুষকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীর ব্যবহৃত মুঠোফোনও কেড়ে নেওয়া হয়েছে। ভয়ে সাধারণ জুমচাষিরা জুমে গিয়ে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কারের কাজ করতে পারছেন না।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকদেখানো অভিযান চালালেও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে।

এদিকে, দুর্গাপূজার ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কটেজ ও রিসোর্টগুলোর কোনো কক্ষ খালি নেই। বুধবার সাজেকে তিন হাজারের বেশি পর্যটক ভ্রমণ করেছেন বলে জানা গেছে। তবে সংগঠন দুটির পক্ষ থেকে পর্যটকদের বুধবারের মধ্যে সাজেক ছাড়ার অনুরোধ জানানো হলেও তাঁরা এলাকা ছেড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রিন্টু চাকমা বলেন, সাজেকে বিপুলসংখ্যক পর্যটক এসেছেন। কোনো কটেজ বা রিসোর্টে কক্ষ খালি নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ